পটুয়াখালীতে রাস্তার পাশ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরের পাঠাগার চত্বরে এমন ঘটনা ঘটেছে।
জানা গেছে, ইয়ামিন নামের একজন স্থানীয় বাসিন্দা রাস্তার পাশে ময়লা ফেলতে গিয়ে কান্না শুনতে পেয়ে রক্তমাখা একটি কাপড় জড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পায়। পরে স্থানীয় লোকজন এবং কাউন্সিলরের সহযোগীতায় শিশুটিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে স্ক্যানুতে ভর্তি করেন।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস বলেন, শিশুটি সুস্থ্য হলে আদালতের মাধ্যমে শিশুটিকে শিশুনিকেতনে পাঠানো হবে অথবা কোন ব্যাক্তি যদি শিশুটি প্রতিপালনে আগ্রহী হয় তবে আদালতের মাধ্যমে তার হেফাজতে দেয়া হবে।
পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসিম উদ্দিন বলেন, এখন পর্যন্ত শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিতে তদন্ত চলছে। অক্সিজেন স্বল্পতার কারনে শিশুটিকে বর্তমানে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।