পটুয়াখালীর দুমকিতে মো: সিয়াম (১২) নামে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্জন জঙ্গলে নিয়ে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ৮ম শ্রেণিতে পড়ুয়া মো: রিফাত নামের এক কিশোর গ্যাংয়ের নেতা বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া নামক এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জসিম শিকদারের ৭ম শ্রেনিতে পড়ুয়া ছেলে সিয়াম এবং তার সহপাঠী কিশোর গ্যাংয়ের নেতা রিফাত ছোটবেলা থেকেই পাঙ্গাশিয়া নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে একসাথে পড়াশোনা করেছেন। সিয়াম ও রিফাতের বসবাস পাশাপাশি এলাকায়। পাশাপাশি বসবাস করার সুবাধে কোনো একটা কাজের কথা বলে রিফাত শুক্রবার সন্ধ্যায় সিয়ামকে ডেকে অটোরিকশায় করে তেতুল বাড়িয়া নামক এলাকার এক নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে সিয়ামকে বেধড়ক মারধর করে এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে জবাই দেয়ার চেষ্টা করলে সিয়াম ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন টের পেলে রিফাত পালিয়ে যান। আহত অবস্থায় সিয়াম কে উদ্ধার করে পটুয়াখালী হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথে সাথে ঢাকায় রেফার করেন।
দুমকি থানা অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।