দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রার্থী নাসির উদ্দিন তালুকদারের বিরুদ্ধে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এছাড়াও ভুক্তভোগীরা বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পটুয়াখালী আদালত চত্বরে সঠিক বিচারের দাবিতে মানবন্ধন করেছেন।
ভুক্তভোগী এবং মামলা সূত্রে জানা যায়, নাসির উদ্দিন তালুকদার ‘জনকর্ম সহায়ক সোসাইটি (জনক)’ নামে এনজিওর মাধ্যমে মুনাফার লোভ দেখিয়ে পাঁচ শতাধিক মানুষের কাছ থেকে ৮০ লাখ টাকা নিয়েছেন। এরপর তিনি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান। মামলার বাদী ও স্বাক্ষীরাসহ ২৩ চুক্তিপত্রের ৩৬ লাখ ২১ হাজার ৪৪০ টাকার হিসাব আদালতে উপস্থাপন করে বাদী তাঁর মামলায় উল্লেখ করেছেন। মামলার বাদি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, এ মামলায় নাসির উদ্দিন তালুকদার সহ তার আরও ছয় আত্নীয়কে আসামী করা হয়েছে। আসামীরা খুবই চতুর এবং গ্রামের নিরীহ সাধারণ মানুষদের বিভিন্ন কু-পরামর্শ দিয়ে অধিক মুনাফার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। পরে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
এদিকে অভিযোগের ব্যাপার নাসির উদ্দিন তালুকদার অস্বিকার করেছেন। তিনি বলেন, “আমার কাছে টাকা পাবার ব্যাপারে আমি কিছু জানি না”।
তবে যেহেতু অভিযুক্ত ব্যক্তি সংসদ সদস্য প্রার্থী তাই তার এমন কর্মকান্ডের ব্যাপারে রিটার্নিং অফিসার ও পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম মামলা এবং অভিযোগের ব্যাপারে তদন্ত শেষে মতামত দেয়ার কথা জানিয়েছেন।