পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র এক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন তারা। তাদের আবেদন গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।
জানা গেছে, পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আফজাল হোসেন, পটুয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসিব আলম তালুকদার এবং পটুয়াখালী-৩ আসনে তৃণমূল বিএনপির ওবায়দুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর ফলে জেলার এখন মোট চারটি আসনে ৯টি দল ও তিন স্বতন্ত্র প্রার্থীসহ ২২ জন প্রতিদ্বন্ধিতা করবেন।
এদিকে পটুয়াখালী-১ আসনটি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।
জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, ‘জেলার চারটি আসনে ২৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে প্রাথমিকভাবে বাছাইয়ে চার জনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে তাদের একজন আপিলে বৈধতা পেয়েছেন। প্রত্যাহারের শেষ দিনে তিন জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।