আইসিটি ক্যারিয়ার ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৯-০১ | সময়: ০৯:২৪:০৩
স্টাফ রিপোর্টার ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সালের মধ্যে দেশে আইসিটি পেশাজীবীর সংখ্যা হবে ২০ লাখ। এ লক্ষ্য পূরণে তথ্যপ্রযুক্তি খাতে বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন করছে সরকার। এ সব উদ্যোগ বাস্তবায়ন হলে আগামীতে দেশের আইটি খাতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন এর সভাপতিত্বে ক্যারিয়ার ক্যাম্পে স্বাগত বক্তব্য রাখেন বিশববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ইইই বিভাগের চেয়ারম্যান ড.এস.এম তাওহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন এলআইসিটি’র প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম, কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ, পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মোঃ আনিসুজ্জামান আনিস, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন প্রমুখ। শিক্ষার্থী রায়হানুল ইকবাল ইভান ও তারিনা রহমান তটিনীর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিক, পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর জেহাদ পারভেজ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ এবং পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণের জন্য একুশ শতকের উপযোগী দক্ষ মানব সম্পদ গড়ে তোলা ছাড়া কোন বিকল্প নেই। এ জন্য শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আগামী ০৩ বছরে এক লক্ষ দক্ষ মানব সম্পদ তৈরীর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এলআইসিটি প্রকল্পে ৪৪ হাজার দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে প্রশিক্ষণ চলছে। তিনি বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীদের আইটিতে ক্যারিয়ার গড়া এবং নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহবান জানান।
প্রতিমন্ত্রী বিকালে একেএম কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন শেষে জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে তৃণমূলের তথ্য জানালা কর্মসূচির আওতায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের‘ তৃণমূলের তথ্য জানালা’ কর্মসূচি এবং তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) আয়োজিত প্রতিবেদন ও ফিচার লেখা এবং ই-কমার্স ও আউটসোর্সিংয়ের ওপর উদ্যোক্তা-প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি)। আরো উপস্থিত ছিলেন তৃণমূলের তথ্য জানালা কর্মসূচির পরিচালক ড মোঃ মেহেদী হাসান, প্রকল্পের কমিউনিকেশন স্পেশালিস্ট অজিত কুমার সরকার, জেলা পরিষদ প্রশাসক খান মোশারফ হোসেন, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মো. তারিকুজ্জামান মনি। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিএসবি’র নির্বাহী পরিচালক ড. অলিউর রহমান।
Comment Disabled



