জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-২৯ | সময়: ০৮:০৬:৫০
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ বৃদ্ধিকরণের লক্ষ্যে এবং শিক্ষার গুনগত মানোন্নয়নে জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন এসডিও বাসভবন সংলগ্ন সরকারি পরিত্যক্ত জায়গায় ‘জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়’ এর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
২৯ আগস্ট সকাল ১১টায় এসডিওরোস্থ ‘জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোক্তা জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খান মোশারেফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো.সুলতান আহমেদ মৃধা, পৌরসভার মেয়র ডা. মো. শফিকুল ইসলাম, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হালদার, কুয়াকাটা পৌরসভার মেয়র মো. বারেক মোল্লা, জেলা জাসদের সাধারণ সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোতালেব মোল্লা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ, জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন খান, আবু মিয়া শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা আবুল হোসেন আবু মিয়া, বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি গোলাম সরোয়ার ফোরকান, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান শবীর, লতিফ স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, নারী উন্নয়ন কর্মী মাহফুজা ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকী ‘জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়’ এর ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
উল্লেখ্য, পটুয়াখালীতে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির কোটা সীমিত থাকার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী মেধা বিকাশ থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি উপলদ্ধি করে জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী শহরের প্রাণকেন্দ্র পুরাতন এসডিও বাসভবনের পরিত্যক্ত ১ একর ৮ শতাংশ সরকারি জমিতে ‘জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়’ নামকরণ করে ‘জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ‘এল’ প্যার্টানের চার তলা বিশিষ্ট ভবন নির্মাণ করে আগামী জানুয়ারি মাসে ভর্তি ও পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে বলে জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী জানান। এ স্কুল নির্মাণ কাজের উদ্বোধনের খবরে জেলার শিক্ষার্থীদেরসহ অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।
Comment Disabled



