বালিয়াতলীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নির্মাণ কাজ শুরু

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৭-০২-০৩ | সময়: ০৮:৩৮:৪৩


কলাপাড়া প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় যোগাযোগের ক্ষেত্রে আরেক নবদিগন্ত সূচিত হয়েছে। তা হচ্ছে জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর নির্মাণ কাজ শুরু। কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলী পয়েন্টে জাতীয় এই নেতার নামে সেতুটি নির্মিত হচ্ছে। আন্ধারমানিক নদীর শেষ প্রান্তে এবং টিয়াখালী নদীর অগ্রভাগেই এ সেতুটি নির্মিত হচ্ছে। ইতোমধ্যে সেতুটির সংযোগ সড়কের ভূমি উন্নয়নের কাজ শুরু হয়েছে। প্রকল্প সাইটের কাজও চলছে দ্রুতালয়ে। নিয়োগ করা হয়েছে দুই জন পরামর্শক। ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে টেস্ট পাইলের কাজ শুরু হবে। ফলে বিকল্প পথে পর্যটনপল্লী গঙ্গামতির পাশ দিয়ে কুয়াকাটায় যেতে পর্যটক-দর্শনার্থীর আরেকটি দুয়ার খুলে যাচ্ছে। মাত্র একটি সেতু পেরিয়ে আগতরা কুয়াকাটায়যেতে পারবেন । এছাড়া বালিয়াতলী পয়েন্টের খেয়া পারাপারের দুর্ভোগ লাঘব হবে লাখো মানুষের। কুয়াকাটাগামী পর্যটক ছাড়াও বালিয়াতলী, লালুয়া, মিঠাগঞ্জ ও ধূলাসার ইউনিয়নের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগে দুর্ভোগও ঘুচবে। ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্র বন্দর প্রকল্পের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এমপি জানান, জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলামের স্মৃতিকে ধরে রাখার জন্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ সেতুটি নির্মাণের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এ সেতুটির নির্মাণ কাজ করছে। স্থানীয় উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান জানান, সৈয়দ নজরুল ইসলাম সেতুর দৈর্ঘ ৬৭৭ মিটার। এর সঙ্গে রয়েছে দুই পাড়ের সংযোগ সড়ক। মূল সেতুর ব্যয় বরাদ্দ রয়েছে ৮৯ কোটি ৮৩ লাখ ৮৫০ টাকা। ১৩ টি স্প্যানের ওপর নির্মিত হচ্ছে সেতুটি। গেল বছরের ২৪ আগস্ট কার্যাদেশ দেয়া হয়েছে। দুই বছর সময়ের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা। ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স-র‌্যাঙ্কেন যৌথভাবে সেতুটির নির্মাণ কাজ করছে। ২০১৫ সালের ১০ ডিসেম্বর সেতুটির দরপত্র আহ্বান করা হয়। প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, ১৫ ফেব্রুয়ারি এলজিইডির প্রধান প্রকৌশলীসহ উর্ধতন কর্তৃপক্ষ এ সেতুর নির্মাণ কাজ এলাকা পরিদর্শন করার কথা রয়েছে। এ সেতু নির্মাণের খবরে এ অঞ্চলের মানুষ উদ্বেলিত হয়ে আছে। যেন তাদের আরেক স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। কারণ এ স্পটে প্রতিদিন হাজার হাজার মানুষকে খেয়া পার হয়ে যোগাযোগ করতে কাদা-পানিতে ভিজে একাকার হয়ে যেতে হচ্ছে। ৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে গিয়ে দেখা সেতুর প্রকল্প এলাকার সেড নির্মাণসহ সংযোগ সড়কের বালু ভরাট করে উন্নয়নের কাজ চলছে দ্রুতগতিতে। গোটা এলাকায় বিরাজ করছে কর্মমুখর পরিবেশ।





Comment Disabled

Comments