ব্যবসায়ীকে সর্বশান্ত করার ঘটনায় বিচার ও শাস্তি দাবি
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৯-০৫ | সময়: ০৭:১৬:৫৬
কলাপাড়া প্রতিনিধি ॥ ব্যাংকের লোনের টাকা মওকুফের লোভে নিজের দোকানে আগুন দিয়ে কলাপাড়া বন্দরের চার ব্যবসায়ীকে সর্বশান্ত করার পর থেকে পুরানবাজারসহ কলাপাড়া বন্দরের শত শত ব্যবসায়ীর কাছে ইউনুচ পাহলোয়ান এখন আতঙ্কে পরিণত হয়েছে। ফায়ার সার্ভিসের কারণে কলাপাড়া পৌরশহরের গোটা বন্দর রক্ষা পেয়েছে। তাই ইউনুচের ফের এ শহরে ব্যবসা করবে, দোকান তুলবে এমন খবরে ব্যবসায়ীরা ফুসে উঠেছেন। রবিবার শেষ বিকালে পৌর শহরের শত শত ব্যবসায়ী ইউনুচ পাহলোয়ানের বিচার এবং শহরে যেন ফের ব্যবসা করতে না পারে এর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে। ব্যবসায়ীদের দাবি যে ব্যক্তি আগুন লাগিয়ে নিজের দোকানসহ গোটা বাজার পুড়ে ছাই করে সকলকে পথে বসাতে দ্বিধা করেনি। তাকে এখন আর বিশ^াস করার সুযোগ নেই। সে যে কোন ধরনের ভয়ানক নাশকতার কর্মকান্ড করতে পারে। ওই ঘটনায় কলাপাড়া থানায় ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী রতি রঞ্জন একটি মামলা করেন। পুলিশ ২ এপ্রিল ইউনুচকে গ্রেফতার করে। বর্তমানে ইউনুচ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। ৩০ মার্চ দিবাগত ভোর রাতে ইউনুচ এমন নাশকতার কর্মকান্ড চালায়। আগুনে পুড়ে দেয় নিজেরসহ আরও চার দোকান। তাই ব্যবসায়ীরা ইউনুচের নামে বরাদ্দ দেয়া চান্দিনা ভিটির একসনা ডিসিআর বাতিল করার দাবি জানিয়েছেন। পৌর শহরের অধিকাংশ ব্যবসায়ীদের মন্তব্য এমন নাশকতাকারী লোকজনকে বিচারের আওতায় আনা হোক। ইউনুচের আগুন দেয়ার ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়লে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। রবিবারের সমাবেশে বক্তব্য রাখেন বন্দর ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল বারেক হাওলাদার, কমরেড নাসির তালুকদার, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, নাসির উদ্দিন খালাশী, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম মিয়া, ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা, হুমায়ুন কবির মাসুম খান, মোঃ সোয়েব প্রমুখ। ব্যবসায়ীরা ঘোষণা দেন আগুন সন্ত্রাসী ইউনুচকে এ শহরে অবাঞ্ছিত ঘোষণা করেন। তাকে আগুন সন্ত্রাসী উল্লেখ করে ফেস্টুন প্রদর্শন করেন।
Comment Disabled



