কুয়াকাটায় ডিজিটাল ল্যাব পরিদর্শনে প্রতিমন্ত্রী পলক

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০২ | সময়: ০৮:১৫:৩২


কলাপাড়া প্রতিনিধি ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, কুয়াকাটা ও কলাপাড়া পৌরসভায় র্স্মাট আইসিটি পার্ক, আইসিটি বিভাগ এবং ট্রেনিং সেন্টার গড়ে তোলার মাধ্যমে এখানকার জনশক্তি উন্নয়নসহ কুয়াকাটাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষতা অর্জন করতে হবে। প্রযুক্তির ব্যবহার ছাড়া দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব নয়। দেশের ছাত্রীছাত্রীদের প্রযুক্তির ব্যবহার শিক্ষা দেয়ার মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিতে পারে সে ভাবে গড়ে তোলা সরকারের উদ্দেশ্য। কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শনকালে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেছেন। মন্ত্রী এ সময় আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে দেশের সব এলাকায় প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তা বাস্তবায়ন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় তিনি স্কুলের শিক্ষকদের এই স্কুলকে দেশের এক নম্বর ডিজিটাল স্কুল হিসেবে গড়ে তোলার জন্য তাগিদ দেন। এর আগে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ লাখ টাকা ব্যয়ে স্থাপিত শেখ রাশেল ডিজিটাল ল্যাব ঘুরে দেখেন। সেখানে তিনি ছাত্রছাত্রীদের প্রায় আধা ঘন্টা পর্যন্ত ক্লাস নেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার চেয়াম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলার নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান, কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব প্রমুখ।





Comment Disabled

Comments