কলেজ ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৯-০২ | সময়: ০৮:০৪:২৪
দুমকি প্রতিনিধি ॥ পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের মৃত্যুর সংবাদে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মৃত. খালেক সিকদারের মেয়ে জনতা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী মোসাঃ লিমা (১৭) নিজ প্রেমিকের মৃত্যুর সংবাদে অভিমান করে ঘরে কেউ না থাকায় বাড়ির পরিত্যক্ত একটি ঘরের পেছনের বারান্দার আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে রাত ৮টার দিকে ঘরের অন্যান্য সদস্যরা লিমার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে আসে। রাতেই বিষয়টি দুমকি থানা পুলিশকে অবহিত করা হলে ওসি দিবাকর চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় দুমকি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, ৩ দিন আগে লিমার প্রেমিক উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা ও একই কলেজের ছাত্র বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। যদিও শেষমেষ সে মারা যাননি। বর্তমানে বরিশাল শেবাচিমে ভর্তি রয়েছেন তিনি। এমন খবরের ভিত্তিতে লিমা আত্মহত্যা করেছে। প্রেমিক যুগলের কারও পরিবারই তাদের প্রেমের বিষয়টি মেনে নেয়নি। তাই এমন ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ। দুমকি থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Comment Disabled



