কুয়াকাটা সৈকতের ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণ করা হবে : পানি সম্পদ মন্ত্রী
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৯-০১ | সময়: ০৯:৩২:১৬
কলাপাড়া প্রতিনিধি ॥ পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ১ সেপ্টেম্বর বেলা ২টার দিকে কুয়াকাটা সৈকতের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে বলেছেন জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে বেড়িবাঁধ উচু করা হচ্ছে। আর নতুন করে যেন সী-বীচ না ভাঙ্গে এজন্য দেড় শ’ কোটি টাকা ব্যয়ে কুয়াকাটায় টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আগামী দু’মাসের মধ্যে এ কাজ শুরু করা হবে। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, পানি উন্নয়ন বোর্ড বরিশাল অঞ্চলের প্রধান প্রকৌশলী সাজেদুর রহমান সরদার, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা নির্বাহি অফিসার সাদিকুর রহমান, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লাসহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদারের মালিকানাধীন আবাসিক হোটেল কুয়াকাটা গ্রান্ড এন্ড রিসোর্টে ওঠেন। সেখানে তিনি মধ্যাহ্ন ভোজ করেন।
Comment Disabled



