পবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-২১ | সময়: ০৯:১৯:২০
দুমকি প্রতিনিধি ॥ “জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ। সকাল ১০-৩০ মি: একাডেমিক ভবনের সম্মুখ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নীলকমল লেকে মাছের পোনা অবমুক্ত করেন। পরে একাডেমিক ভবনের কৃষি অনুষদের কনফারেন্স রুমে মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুলতান মাহমুদ এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ শামসুদ্দীন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমাদের প্রিয় খাবার মাছ এবং এতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি। তিনি সকলকে মাছ চাষে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন এ কে এম আবদুল আহাদ বিশ্বাস, এএনএসভিএম অনুষদের ডিন ড. মোঃ আবদুর রশিদ, সহকারি অধ্যাপক ড. মোঃ সাজেদুল হক, শিক্ষার্থী আবদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মতিয়া গুলশান আরা।



