সেজান জুসের ৪০০ মণ পচা আম ধ্বংস ॥ ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-২১ | সময়: ০৯:১৩:৩১

বার্তা রিপোর্ট ॥ রাজশাহী গোদাগাড়ীতে সেজান জুস ফ্যাক্টরির ৪০০ মণ পচা আম ধ্বংস করাসহ পচা আমের জুস তৈরির অভিযোগে ফ্যাক্টরিটিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। রাজশাহীর গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ খান জানান, উপজেলার চব্বিশনগরে সেজান জুসের একটি ফ্যাক্টরি রয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে অত্যন্ত নিম্নমানের দুর্গন্ধযুক্ত ২শ’ মণ আধাপঁচা আম কিনে চারটি ট্রলিতে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাধুরমোড় এলাকায় ওই ট্রলি চারটি আটক করে পুলিশ। এরপর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানো হয়। তিনি জানান, ইউএনও’র নির্দেশে পচা আমগুলো উপজেলার সাহাব্দিপুর এলাকায় নিয়ে গিয়ে ধ্বংস করা হয়। এরপর দুপুরে তিনি ও উপজেলা নির্বাহী অফিসার চব্বিশনগরে সেজান জুসের ফ্যাক্টরিতে অভিযান চালান। এ সময় সেখানে আরও ২শ’ মণ আধাপচা দুর্গন্ধযুক্ত আম পাওয়া যায়। পরে সেগুলোও ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও খালিদ হোসেন এসব আম দিয়ে জুস তৈরির দায়ে ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা করেন। পরে ব্যবস্থাপক আবদুল করিম জরিমানার টাকা পরিশোধ করেন বলেও জানান ওসি।





Name:

Email:

Website:

Comment:


Comments