পটুয়াখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-২১ | সময়: ০৯:১০:২৪
স্টাফ রিপোর্টার ॥ “কিশোরীদের জন্য বিনিয়োগ,আগামী প্রজন্মের জন্য সুরক্ষা” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা বিভাগ বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ এবং দিনব্যাপী বিশেষ সেবাদান কার্যক্রমের মধ্যে দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করেছে।
২১ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পটুয়াখালী পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মু. জসিম উদ্দিন মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, সিভিল সার্জন প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ লোকমান হাকিম। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিয়ারা বেগম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী তানজিলা আক্তার অশ্রু। সভায় জেলার ৮জন শ্রেষ্ঠ মাঠকর্মী ও প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ দিবস উপলক্ষে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দিনব্যাপি বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।



