ঈগল-৩ লঞ্চের কেবিনে কিশোরীর গলাকেটে হত্যা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-২০ | সময়: ১৪:৫৪:০৭
রাজধানীর সদরঘাটে লঞ্চের কেবিনে এক কিশোরীকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঈগল-৩ নামের পটুয়াখালীগামী লঞ্চে গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের পর আল মামুন নামে এক যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে। মামুন পুলিশকে জানিয়েছে, সে কবি নজরুল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পুলিশ জানায়, নিহত কিশোরী অষ্টম শ্রেণীর ছাত্রী পারুল আক্তার (১৬)। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জের আগানগরে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম বলেন, লঞ্চটি বিকালে সদরঘাটের ৭ নম্বর পন্টুনে ভেড়ানো হলে আল মামুন নামে ওই যুবক তৃতীয় তলার ৩০৮ নম্বর ডাবল কেবিনে ওঠে। বিকাল সাড়ে ৪টার দিকে ৩০৮ নম্বর কেবিন থেকে রক্ত বের হতে দেখে এক কেবিন বয় অন্যদের ডাকেন। কেবিন বয়রা জানালা খুলে কিশোরীর রক্তাক্ত দেহ দেখতে পেয়ে মামুনকে আটক করে পুলিশে খবর দেয়। সদরঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ওই কেবিন থেকে হত্যায় ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে। নিহতের বাবাকে খবর দেয়া হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জানতে মামুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানায়।
Comment Disabled



