রাকিবকে রক্তাক্ত জখম করে ১০ লক্ষ টাকা ছিনতাই
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৯-০২ | সময়: ০৮:৪৬:৪৩
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীতে দাবিকৃত চাঁদা টাকা দিতে অস্বীকার করায় গরু ব্যবসায়ীর ছেলেকে রাকিবকে রক্তাক্ত জখম করে ৯ লক্ষ ৩৫ হাজার টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল সেট ছিনিয়ে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলের পুকুরপাড় এলাকায়।
এ ঘটনায় সন্ত্রাসী আতিকুর রহমান পারভেজ (২৮), রনি মৃধা (১৯), মাসুদ মৃধা (৩২) ও সাদ্দাম মৃধা (২২) কে চিহ্নিত করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে পটুয়াখালী সদর থানায় এজাহার দায়ের করেছেন ভিকটিম এর বাবা ইউপি সদস্য ও গরু ব্যবসায়ী মো. বেল্লাল ফকির। মামলা দায়েরের পরও সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে।
এজাহার ও ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে চিকিৎসারত গুরুতর আহত রাকিব ফকির সূত্রে জানাগেছে, ঘটনার দিন ০১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঝিনাইদাহ থেকে গরু কেনার জন্য সেখানকার ব্যবসায়ীদের কাছে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য গরু ব্যবসায়ী বেল্লাল ফকির, তার ছেলে কলেজ পড়–য়া রাকিব ফকিরকে টাকা নিয়ে লঞ্চঘাটস্থ উত্তরা ব্যাংকে আসতে বললে রাকিব কাপড়ের ব্যাগে করে ৯ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে অটোরিক্সায় উত্তরা ব্যাংকে যাচ্ছিল। রাকিব কলের পুকুরপাড় মসজিদের উত্তর পাশে সড়ক অতিক্রমকালে সেখানে উক্ত আসামীরা দেশী তৈরী ধারালো অস্ত্র ছ্যানা, চাপাতি ও লোহার রড নিয়ে অটোরিক্সা থামিয়ে রাকিবকে নামিয়ে ধারালো ছ্যানা ও চাপাতি দিয়ে উপুর্যপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে জোরপূর্বক উক্তটাকাসহ কাপড়ের ব্যাগ, স্বর্নের চেইন ও স্যাম্পনি এইচ ৫০ মোবাইল সেট ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় বাঁচাও বাঁচাও চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাদের ভয়ভীতি দেখায়ে আসামীরা বীরদর্পে চলে যাওয়ার পরে কতিপয় লোকজন গুরুতর জখমী রাকিবকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আহত রাকিবের বাবা গরু ব্যবসায়ী বেল্লাল ফকির উক্ত দুর্বৃত্তদের আসামী করে সদর থানায় এজাহার করেন। রাকিবের দাদা সদর থানা কৃষকলীগের সভাপতি কালাম ফকির জানায়, আতিকুর রহমান পারভেজ একজন চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদা টাকার জন্য জেলা পরিষদের ক্যাশিয়ারকে মারধর করে রক্তাক্ত জখম করা সহ একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়েছে।
Comment Disabled



