২১ আগস্টের ঘটনা ইতিহাসের কলঙ্ক: ফখরুল
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-২১ | সময়: ০৯:২৭:২২
ঢাকা অফিস ॥ একুশ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনাকে ‘রাজনৈতিক ইতিহাসের কলঙ্কময় ঘটনা’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রবিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, এদিনে আমি স্মরণ করতে চাই, অত্যন্ত দুঃখের সঙ্গে ভারাক্রান্ত হৃদয়ে, আজকে সেই ২১ আগস্ট। যে ২১ অগাস্টে একটা বর্বরতম হত্যাকা- ঘটেছিল এবং একটি রাজনৈতিক দলের ২২ জন নেতাকর্মী সেদিন নিহত হয়েছিলেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা কলঙ্কময় ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিএনপির মহাসচিব বলেন, আজকের এই দিনে আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। তার মধ্যে আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের স্ত্রী আইভি রহমানও ছিলেন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং রুহের আত্মার মাগফেরাত কামনা করছি। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ’ আহত হন। বিএনপি-জামায়াত জোট আমলে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার পর তত্ত্বাবধায়ক সরকার আমলে অভিযোগপত্র দিয়ে বিচার শুরু হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর অধিকতর তদন্ত হয়। এতে আসামির তালিকায় যোগ হন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ৩০ জন।
Comment Disabled



